পার্বতীপুরে প্রেস ক্লাবের মানববন্ধন, পিবিআই প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ

দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের ছয় সিনিয়র সদস্যের বিরুদ্ধে মিথ্যা সিআর মামলা এবং পিবিআইয়ের পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিলের অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় শহীদ মিনার রোডে পার্বতীপুর প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক আতাউর রহমান।
মানববন্ধনে বক্তব্য দেন শ আ ম হায়দার (জনকণ্ঠ), মামুনুর রশিদ (আগামীর সময়), মাহফিজুল ইসলাম রিপন (আমার দেশ), আব্দুল জলিল সরকার (ইনকিলাব), ইফতেখার হাবিব (মোহনা টিভি), তাজকির হোসাইন (সোনার বাংলা), আল মামুন মিলন (প্রতিদিনের সংবাদ) এবং আব্দুল্লাহ আল মামুনসহ (মাইটিভি) স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা অভিযোগ করেন, পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় পক্ষপাতদুষ্ট ও মনগড়া তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। তারা এ প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মামলার বাদী মিজানুর রহমান মিজানকে পার্বতীপুর প্রেস ক্লাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, পার্বতীপুর প্রেসক্লাবের অভ্যন্তরীণ নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে মিজানুর রহমান মিজান চলতি বছরের ৮ সেপ্টেম্বর দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ৬১৪/২৫। আদালত ১১ ডিসেম্বরের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তদন্তে আসা পিবিআই কর্মকর্তারা প্রেসক্লাবে গিয়ে প্রাথমিকভাবে কোনো সংঘর্ষ বা হট্টগোলের সত্যতা পাননি বলে জানা যায়। সাক্ষীদের বরাতে বলা হয়, অভিযোগের সময় প্রেসক্লাবে কোনো ঘটনা ঘটেনি।
এছাড়া তদন্তকালে জানানো হয়, মামলায় উল্লেখিত সময়ে বাদী পার্বতীপুর মডেল মসজিদে নামাজরত ছিলেন এবং পরে সেখানে অবস্থান করেন। অন্য আসামিরাও নিজ নিজ কর্মস্থলে ছিলেন বলে দাবি করা হয়।
তদন্ত কর্মকর্তারা ভিডিও ফুটেজ যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত করার কথা বললেও তা না করেই মনগড়া প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।





