ফেনীতে বাস উল্টে নিহত কাস্টমস কর্মকর্তা, আহত ৮

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন এক কাস্টমস কর্মকর্তা। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
রবিবার রাত ৯টার দিকে লালপুল বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা থেকে কক্সবাজারগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস লালপুল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাস্টমস কর্মকর্তা আব্দুল আলীম (৩৫)। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকির হোসেন বলেন, ‘তাকে এখানে আনার আগেই তার মৃত্যু ঘটে।’
নিহত আলীমের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে। সিলেটে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি।
তার স্বজন নুরুদ্দিন টিপু জানান, বারৈয়ারহাটে নতুন বাড়ি রয়েছে আলীমের। ছুটিতে এলে সেখানে থাকতেন তিনি। রবিবার ট্রেনে সিলেট থেকে ফেনী আসেন আলীম। রাত সাড়ে ৮টার দিকে মহিপাল থেকে বারৈয়ারহাট যাওয়ার উদ্দেশ্যে সিডিএম পরিবহনের বাসে ওঠেছিলেন তিনি।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাজেদ জানান, বাসটি উল্টে গেলে আলীম নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।




