লংগদু
ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস, কিশোরের মৃত্যু

সংগৃহীত ছবি
রাঙামাটির লংগদুতে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অর্জিত এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অর্জিত তার ছোট ভাইয়ের সঙ্গে বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে ঘরের দরজার পর্দায় তার গলায় ফাঁস লেগে যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
লংগদু থানার ওসি জাকারিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



