গ্যাস অনুসন্ধানে ভারী যন্ত্রপাতি আনল বাপেক্স

ছবি: আগামীর সময়
লরি ও ক্রেনে একে একে আনা হচ্ছে ভারী যন্ত্রপাতি, পাইপ ও নানা ধরনের কারিগরি সরঞ্জাম। এসব সরঞ্জাম নামানো ও সরিয়ে নিতে চলছে কর্মযজ্ঞ। দীর্ঘ ১৮ দিন ধরে মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসে আগুন জ্বলতে থাকার পর এবার সেটির প্রবাহ নিয়ন্ত্রণ ও ভূগর্ভে সম্ভাব্য মজুত অনুসন্ধানে মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু সংলগ্ন এলাকায় লরি ও ক্রেনের মাধ্যমে এসব ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়া হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন, গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ নিরাপদে নিয়ন্ত্রণে আনা এবং ভূগর্ভে সম্ভাব্য গ্যাসের মজুত ও বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে এসব সরঞ্জাম আনা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ২৭ অক্টোবর ছোট ইনানীর ছোটখাল এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে প্রায় এক হাজার ফুট গভীরে পৌঁছানোর পর হঠাৎ গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা জ্বলছে আগুন। এর মধ্যে মূল উদ্গিরণস্থলের আশপাশে একাধিক নতুন স্থানে গ্যাসের লিকেজ দেখা দিয়েছে। কোথাও মাটির নিচ থেকে আগুনের শিখা বের হচ্ছে, কোথাও উঠছে কালো ধোঁয়া। এমনকি একটি পাকা বসতবাড়ির নিচ থেকেও গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে।
গত ১১ নভেম্বর সরেজমিন দেখা যায়, মূল উৎসের আশপাশে অন্তত দুই থেকে তিনটি পৃথক স্থান দিয়ে গ্যাস বের হচ্ছে। পাকা ধানখেতের পাশেও নতুন করে গ্যাসের উদ্গিরণ ও আগুনের শিখা দেখা যায়। এতে বসতবাড়ি, ফসলি জমি ও জনবসতির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
এদিকে বাপেক্সের পরীক্ষাগারে সংগৃহীত নমুনা বিশ্লেষণে থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার রফিকুল ইসলাম। তার মতে, গ্যাসের প্রকৃতি ও দীর্ঘ সময় ধরে নির্গমনের ধারাবাহিকতা ভূগর্ভে বড় কোনো গ্যাসের আধারের সঙ্গে সংযুক্ত থাকার সম্ভাবনা তৈরি করেছে। এ কারণে ইনানীতে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা দেখছেন তিনি।
হাওলাদার রফিকুল ইসলাম জানালেন, প্রায় ১৫ দিন ধরে গ্যাসের চাপ, প্রবাহ ও স্থায়িত্ব পর্যবেক্ষণ করা হয়েছে। তবে গ্যাসের উপস্থিতি পাওয়া মানেই বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসক্ষেত্র আবিষ্কার নয়। প্রকৃত মজুত, বিস্তৃতি ও উত্তোলনযোগ্যতা নির্ধারণে আরও বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধান প্রয়োজন।
বাপেক্সের একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য গ্যাসের মজুত ও বাণিজ্যিক উপযোগিতা যাচাইয়ে বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধানের পাশাপাশি দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপের কাজ শুরু হয়েছে। তবে তার আগে অনিয়ন্ত্রিত গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা জরুরি। এ জন্য প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে নেওয়া হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানালেন, আগুনের অবস্থান ও তীব্রতার পরিবর্তনের বিষয়টি পেট্রোবাংলা ও বাপেক্সকে জানানো হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচ্চপর্যায়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে অনলাইন বৈঠকও হয়েছে। সবকিছু ঠিক থাকলে সাত দিনের মধ্যে পেট্রোবাংলা ও বাপেক্সের প্রায় ৩০ সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসতে পারে। তারা আগুন নিয়ন্ত্রণ বা প্রশমনের কৌশল নির্ধারণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লজিস্টিক সহায়তার বিষয়টি মূল্যায়ন করবেন।
তিনি আরও জানান, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তাবেষ্টনী ও ফেন্সিং রাখা হয়েছে। উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসা এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে না। পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
এদিকে আগুনের শিখার উচ্চতা কিছুটা কমলেও তীব্রতা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন ইউএনও। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভূগর্ভস্থ গ্যাসের চাপের কারণে অন্য কোথাও ফাটল সৃষ্টি হয়ে নতুন করে গ্যাস নির্গত হতে পারে। তাই গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ ও আগুন প্রশমনের কৌশল নির্ধারণে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।
কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ এম নজরুল ইসলামের মতে, ইনানীতে একদিকে সম্ভাব্য নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে জনবসতির কাছাকাছি একাধিক স্থান দিয়ে গ্যাস নির্গমন পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এখন বিশেষজ্ঞদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ এবং ভূগর্ভে থাকা সম্ভাব্য সম্পদের প্রকৃত চিত্র উদ্ঘাটন করা।




