ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

রোহিঙ্গা যুবক শওকত
ভোটার হওয়ার জন্য রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে আটক হয়েছেন এক রোহিঙ্গা যুবক। গতকাল সোমবার বিকালে তাকে আটক করা হয়। ভুয়া কাগজপত্র দিয়ে পীরগঞ্জের নাগরিক পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে শওকত নামে ওই রোহিঙ্গা যুবক পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হতে যান। এ সময় তিনি নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় তার পরিচয় ও কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে শওকত জানালেন, টেকনাফের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তিনি পীরগঞ্জে আসেন। ওই ব্যক্তি তাকে পীরগঞ্জের নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলেছিলেন। পীরগঞ্জে আসার পর ওই ব্যক্তি তাকে উপজেলা নির্বাচন কার্যালয়ে নিয়ে ঢুকিয়ে দিয়ে চলে যান। যাওয়ার সময় নিজের ব্যবহৃত মোবাইল নাম্বারটিও শওকতের ফোন থেকে ডিলিট করে দেন। ফলে ওই ব্যক্তির নাম-পরিচয় বা ঠিকানা সম্পর্কে শওকত কিছু বলতে পারেননি।
পাঁচগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মণ্ডল বলেছেন, শওকতের দেখানো কাগজপত্র ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়নি। এসব কাগজে তার স্বাক্ষর ও ইউনিয়ন পরিষদের সিল জাল করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বলেছেন, শওকতকে দেখে প্রথমে তাদের সন্দেহ হয়। পরে কথাবার্তায় অসঙ্গতি পাওয়ায় তাকে জাতীয় সংগীত গাইতে বলা হয়। কিন্তু তিনি তা বলতে পারেননি। এতে তার নাগরিকত্ব নিয়ে সন্দেহ আরও জোরালো হয়। পরে জিজ্ঞাসাবাদে তার বক্তব্য থেকেও তিনি রোহিঙ্গা হতে পারেন বলে ধারণা পাওয়া যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেছেন, আটক যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে। টেকনাফ থেকে স্থানীয় এক ব্যক্তি তাকে পীরগঞ্জে নিয়ে এসেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।




