কাউন্টারে চিরকুট ও বকেয়া ভাড়া রেখে গেলেন ট্রেনযাত্রী

কাউন্টারে রেখে যাওয়া যাত্রীর চিরকুট
ট্রেনে ওঠার সময় হাতে পর্যাপ্ত সময় ছিল না। তাই টিকিট না কেটেই ট্রেনে ওঠেছিলেন যাত্রী। তবে যাত্রা শেষ হলেও মনের ভেতর তাড়া করছিল এক ধরনের অপরাধ।
বিনা টিকেটে ভ্রমণের দায় এড়াতে চাননি তিনি। অবশেষে নিজ থেকেই বগুড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা এবং একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন ওই যাত্রী।
গতকাল শনিবার বিকালে বগুড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে টাকা ও চিরকুট রেখে যাওয়ার এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।
কাউন্টারে পাওয়া সেই চিরকুটে যাত্রী নিজের নাম উল্লেখ করেছেন ‘মাহী’।
চিরকুটে তিনি লিখেছেন, ‘আমি মাহী, গত ৭ অক্টোবর সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’
সংক্ষিপ্ত এই চিরকুটে মাহী নামের ওই যাত্রী যেমন নিজের ভুলের কথা সততার সঙ্গে স্বীকার করেছেন, তেমনি বিনা ভাড়ায় ভ্রমণের দায় থেকে নিজেকে মুক্ত করার আন্তরিক চেষ্টা চালিয়েছেন। কোনো রকম প্রচার বা নিজের পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ না করেই টাকা রেখে যাওয়ার এই উদ্যোগ রেলযাত্রীদের মধ্যে সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট সাজেদুর রহমান সাজু বলেন, ‘কোনো একজন যাত্রী টিকিট ছাড়া রেল ভ্রমণ করেছিলেন। বিষয়টি খারাপ লাগায়, তিনি পরে এসে বকেয়া টাকা দিতে চান। তবে তিনি নিজের নাম পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন। এ জন্য চিরকুট ও টিকিট ভাড়া বাবদ ৩০ টাকা রেখে যান।’
তিনি আরও বলেন, ‘রেলওয়ের নিয়ম অনুযায়ী টিকিট কেটে ভ্রমণ করা প্রত্যেক নাগরিকের আইনি ও নৈতিক দায়িত্ব।’ তবে নিজের অনিচ্ছাকৃত ভুল উপলব্ধি করে তা সংশোধনের এই অনন্য প্রয়াস অন্যদেরও সৎ ও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে বলে মনে করেন রেলের এই কর্মকর্তা।



