ফেনীতে নজরুলের আগমনের শতবর্ষ

সেই ঐতিহাসিক সফরের ১০০ বছর পূর্তি উপলক্ষে আজ নানা আয়োজন করেছে ফেনীর বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ফেনী আগমনের শতবর্ষ আজ (১ আগস্ট)। ১৯২৬ সালের এই দিনে কয়েক ঘণ্টার জন্য ফেনীতে এসেছিলেন তিনি। ছাত্রসমাবেশে ভাষণ, দেশাত্মবোধক গান পরিবেশন এবং ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে স্বাধীনতা ও শোষণবিরোধী চেতনায় মানুষকে উজ্জীবিত করেছিলেন। সেই ঐতিহাসিক সফরের ১০০ বছর পূর্তি উপলক্ষে আজ নানা আয়োজন করেছে ফেনীর বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও নজরুল গবেষক ড. মাহবুবুল হকের গবেষণাগ্রন্থ ‘নজরুল: তারিখ অভিধান’ থেকে জানা যায়, ১৯২৬ সালের ১ আগস্ট কবির বন্ধু হাবিবুল্লাহ বাহার ও মাহমুদ নুরুল হুদার সঙ্গে ফেনীতে আসেন নজরুল। সে সময় মুসলিম হাই স্কুল মাঠে (বর্তমান ফেনী আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ) আয়োজিত ছাত্রসমাবেশে বক্তব্য দেন তিনি।
সমাবেশে ছাত্র-ছাত্রী ছাড়াও সাংবাদিক, রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। সেখানে তিনি দেশি-বিদেশি শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পরিবেশন করেন ‘কারার ঐ লৌহকপাট’, ‘ওঠ রে চাষী’ ও ‘দুর্গম গিরি কান্তার মরু’ গান। আবৃত্তি করেন তার কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতা। উপস্থিত মানুষের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশ।
প্রয়াত সাংবাদিক, গবেষক ও চলচ্চিত্র নির্মাতা ওবায়েদ উল হকের লেখায় উল্লেখ আছে, সমাবেশ চলাকালে আকস্মিক ঝড় শুরু হলে কবিকে নিয়ে যাওয়া হয় পাশের খান সাহেব বজলুল হকের ‘হক ভিলা’য়। সেখানেই অনুষ্ঠিত হয় সমাবেশের বাকি অংশ। সে সময় নজরুলের পরনে ছিল গেরুয়া রঙের ফতুয়া ও সাদা পাজামা।
কবি ও সাংবাদিক সৈকত হাবিব বললেন, ‘নজরুল ফেনীতে মাত্র কয়েক ঘণ্টা ছিলেন; কিন্তু তার সেই সফর ফেনীর সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।’
গবেষক ও সাংবাদিক ড. অখিল পোদ্দার মনে করেন, ‘অন্যায়-অবিচার ও অসহিষ্ণুতার এ সময়ে নজরুলের মানবতাবাদী চেতনা নতুন করে অনুধাবন করা প্রয়োজন।’
নজরুলের ফেনী আগমনের শতবর্ষ উপলক্ষে আজ ফেনী সাহিত্য সভা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সমতট সাহিত্য সংসদ, বলপয়েন্ট সাহিত্যজনসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবির স্মৃতিবিজড়িত হক ভিলা (বর্তমান গ্র্যান্ড হক টাওয়ার) প্রাঙ্গণে তার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।






