দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

প্রতীকী ছবি
দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে আগুন লেগে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন একজন। গতকাল সোমবার রাতে (বাংলাদেশ সময়) ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে এ ঘটনা ঘটে।
নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জে। তাদের মধ্যে ৫ জন সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ও একজন আলিরটেক ইউনিয়নের।
বিষয়টি নিশ্চিত করেছেন দোকানের মালিক রওশন আলী। তিনি বর্তমানে বাংলাদেশে আছেন। তিনি জেলার সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার।
আগামীর সময়কে রওশন আলী বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমার দোকানে আগুন লেগেছে। তখন দোকানে ৭ জন কর্মচারী ছিলেন। ৬ জন স্পট ডেড। তবে তাদের নাম আমার মনে নেই। ভিডিওকলে দেখেছি। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না নিশ্চিত হতে পারিনি। এখনো আগুন জ্বলছে।’
রওশন আলীর ভাষ্য, আমরা সবাই শোকাহত। বিস্তারিত জানার চেষ্টা করছি।




