সিদ্ধিরগঞ্জে মাদকসহ ছাত্রদল নেতা রিফাত গ্রেপ্তার

রাকিব হাসান রিফাত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাকিব হাসান রিফাত সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য ব্যক্তি হলেন জাহিদ হাসান রনি (৩০)। তিনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে। আর ২২ বছর বয়সী রিফাত তিনি শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১২ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইল এলাকার টাইগার রুলিং মিলের সামনে শিবলীর দোকানের কাছে অভিযান চালায় ডিবির একটি দল। সেখানে কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পালানোর চেষ্টা করলে রাকিব ও জাহিদকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে রাকিবের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫২ হাজার ১৫০ টাকা এবং জাহিদের পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির কথা স্বীকার করেছেন।
পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।




