রংপুরে যুবককে গলা কেটে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় হত্যার শিকার রাজমিস্ত্রী আবু সিদ্দিক। ছবি: সংগৃহীত
রংপুরের কাউনিয়ায় যুবককে গলা কেটে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের মোবাইল ফোনকলের সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার দুজন হলেন, চর চতুরা গ্রামের সাজু মিয়া (২৭) ও তার স্ত্রী মুন্নী বেগম (২২)। হারাগাছ থানার ওসি অশোক চৌহান এসব নিশ্চিত করেছেন।
নিহত যুবক হলেন হারগাছ ইউনিয়নের পল্লীমারী এলাকার আবু সিদ্দিক (৩৫)। তিনি রাজমিস্ত্রী ছিলেন। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে চর চতুরা গ্রামের নির্জন রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয় তার রক্তাক্ত মরদেহ।
স্বজনরা জানান, রবিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে পাশের জেলা লালমনিরহাট সদরের মিলন বাজারের দিকে রওনা দেন সিদ্দিক। চরচতুরা গ্রামটি মিলন বাজার সীমান্তবর্তী এলাকা। রবিবার রাতে ওই গ্রামের রাস্তায় স্থানীয়রা সিদ্দিকের গলাকাটা ও মুখ থেঁতলানো মরদেহ দেখে পুলিশে খবর দেন।
নিহতের চাচাতো ভাই মো. মজমুল জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনা জানতে মিলন বাজারে যান তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, বাজারের কাছে একটি মাঠে বসে ছিলেন সিদ্দিক। এ সময় মোবাইল ফোনে কারও সঙ্গে তার তীব্র তর্ক চলছিল।
মজলুমের ধারণা, ওই ঘটনার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার দম্পতির বিষয়ে কিছু জানাননি হারাগাছ থানার ওসি অশোক চৌহান। তিনি বলেছেন, হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।






