রাসিক প্রশাসক
আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেওয়া হবে

ছবি: আগামীর সময়
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘রাসিকের সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী বছর থেকে সম্মাননা দেওয়া হবে। নিয়মিত করদাতাদের উৎসাহিত করা এবং রাজস্ব আয় বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বকেয়া কর আদায় ও নাগরিক সেবার মান বাড়াতে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
আজ সোমবার সকালে নগর ভবনের সিটি হলরুমে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাসিক প্রশাসক আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। এ কার্যক্রম আরও গতিশীল করতে রাজস্ব আয় বাড়ানো জরুরি।’
রিটন আরও বলেছেন, নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবার সহযোগিতায় রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি।
সভায় রাজস্ব বিভাগের সার্বিক কার্যক্রম, রাজস্ব আয় বৃদ্ধি, বকেয়া কর আদায় এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। সচিব সোহেল রানা সভা সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ।
এ সময় রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



