শিশুর কান্না শুনে টিনের চাল কেটে মিলল মায়ের ঝুলন্ত মরদেহ

ঈদগাঁও থানা
কক্সবাজারের ঈদগাঁওয়ে ঘর থেকে শিশুর কান্নার শব্দ শুনে টিনের চাল কেটে ভেতরে ঢুকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্বজন ও স্থানীয়রা।
নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছমিন আকতার (২৫) ওই গ্রামের রাজমিস্ত্রি আবদুল হামিদের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বেলা ১১টার দিকে আবদুল হামিদের বাড়ির একটি কক্ষ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্বজন ও প্রতিবেশীরা। পরে তারা সেখানে গিয়ে দেখেন, কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ। একপর্যায়ে আবদুল হামিদের এক স্বজন ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের বিমের সঙ্গে ইয়াছমিনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয়রা মরদেহটি নিচে নামিয়ে পুলিশকে খবর দেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জেরে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
ওসির ভাষ্য, ঘটনার পর থেকে নিহতের স্বামী আবদুল হামিদকে পাওয়া যাচ্ছে না। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে।



