দেশে কোনো খাদ্যসংকট থাকবে না: খাদ্যমন্ত্রী

সাটুরিয়ায় ২০২৬ সালের অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, কোনো ধরনের খাদ্যসংকট হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেছেন, ‘আমাদের একটাই লক্ষ্য, দেশে কোনো খাদ্যের অভাব থাকবে না। সেই লক্ষ্যেই পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হয়েছে। গত শুক্রবার থেকে গার্মেন্টস শ্রমিকদের মধ্যেও চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা সুলভ মূল্যে চাল কিনতে পারেন।’
আজ শনিবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে ২০২৬ সালের অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘ক্ষুধায় যেন কেউ কষ্ট না পায়, সেদিকে প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন। আমাদের সবার একটাই কাজ, দেশের সব মানুষকে ভালো রাখা, আমার কৃষক ভাই-বোনদের ভালো রাখা। সেই লক্ষ্য নিয়েই আমরা এখানে এসেছি।’
অনুষ্ঠানে মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে চলতি আমন মৌসুমে সরকার ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এ ছাড়া মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।
জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান। বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম এবং জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আমির হামজা।



