ইউএনও কার্যালয়সহ প্রায় ৩০ অফিসে তালা দিল ছাত্রলীগ

বেতাগী ইউএনও কার্যালয়ে তালা
বরগুনার বেতাগীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ প্রায় ৩০টি সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে তালা ঝুলিয়ে ব্যানার টানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা। এসব ব্যানারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নাম রয়েছে। একই রাতে বেতাগী পৌরসভার একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
গতকাল সোমবার রাতের কোনো এক সময় এসব প্রতিষ্ঠানে তালা ঝোলানো হয়। তালা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বেতাগী সরকারি কলেজ, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া ইউনিয়ন পরিষদ, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের ফেসবুক আইডি থেকে এসব ঘটনার তথ্য প্রচার করা হয়।
এদিকে একই রাতে বেতাগী পৌর ভবনের সামনে পার্কিং করে রাখা পৌরসভার একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সকালে সিফাত সিকদারের নেতৃত্বে উপজেলার চান্দখালী বাইপাস সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে শিকল ও তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক (ইংরেজি) কমলেশ চন্দ্র শীল। তিনি বলেন, সকালে বিদ্যালয়ে এসে প্রধান ফটকে শিকল ও তালা ঝুলতে দেখা যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের সামনে স্থানীয় বাসিন্দা, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন জড়ো হন। পরে তাঁরা শিকল ও তালা অপসারণ করেন।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, পৌরসভার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যেসব প্রতিষ্ঠানে তালা লাগানো হয়েছিল, সেগুলোর তালা খুলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে বেতাগীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।



