লক্ষ্মীপুর
বাসা থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে হত্যা, আটক ২

আটক দুই আসামি
লক্ষ্মীপুরে মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাসা থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা।
আজ বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ছুট্টু সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বক্স আলী ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে। আর মাসুদ বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, দুপুরে পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় খোরশেদকে গুলি করে হত্যা করা হয়। একই এলাকার ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহিম ছুট্টু, কামরুল, বাচ্চু, হিরু, জহিরসহ আরও পাঁচ-ছয়জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি করেন বলে জানা গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ছুট্টু ও মাসুদকে আটক করে।
নিহত খোরশেদ পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, খোরশেদ মাটির ব্যবসা করতেন। দুপুরে দুজন লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন, একজন খোরশেদকে গুলি করছেন।



