আবাসিক এলাকা থেকে নারীর বস্তাবন্দি রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনায় এক অজ্ঞাতপরিচয় নারীর বস্তাবন্দি রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সামনে থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানালেন, রাত সাড়ে ৯টার দিকে একটি সাততলা বাড়ির সামনে বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন তারা। বস্তার এক পাশ থেকে তাজা রক্ত বের হতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেন তারা।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলামের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে হত্যা করার পর রাতে প্লাস্টিকের বস্তায় ভরে মরদেহ এখানে ফেলে গেছেন দুর্বৃত্তরা। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





