বোরহানউদ্দিন
বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের

গ্রাফিকস: আগামীর সময়
ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তাদের বাবা প্রাণে বেঁচে গেছেন।
নিহত দুই ভাই হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আব্দুর রহিম (৪০) ও রাকিব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত দুই ভাই দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন সকালে তারা বাবাসহ তিন ভাই তজুমদ্দিন থেকে কালিরহাট এলাকায় তাদের মামা আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে আসেন।
গাছ কাটার একপর্যায়ে বিদ্যুতের একটি ছেঁড়া তার দেখতে পান তাদের বাবা আলম বক্তার। তারটি সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে নিচে থাকা এক ছেলে এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে গাছে থাকা আরেক ছেলে নিচে নেমে ভাই ও বাবাকে বাঁচানোর চেষ্টা করলে দুই সহোদর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। তবে সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান তাদের বাবা আলম বক্তার।
বোরহানউদ্দিন থানার ওসি মো. আশরাফ আলী জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




