কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মীসহ আটক ৪৯৬

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লায় পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৯৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭৮ জন নেতাকর্মী আছেন। বাকিদের মধ্যে আছেন কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা।
আটকদের অপরাধের ধরন যাচাই-বাছাই করে ৩১৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় ধারাবাহিকভাবে এ অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকালে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলার ১৮টি থানার পুলিশ ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে অংশ নেয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, মাদক কারবারি, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী ও ডাকাতদের আটক করতে এ অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানালেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে এবং সভা-সমাবেশ ও মিছিলের মাধ্যমে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।




