নলডাঙ্গায় সার নিতে গিয়ে ডিলারের দোকানে দুই দফা সংঘর্ষ

গ্রাফিকস: আগামীর সময়
নাটোরের নলডাঙ্গায় সার নিতে গিয়ে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বিসিআইসি সার ডিলার শ্যাম সুন্দর আগারওয়ালের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন কৃষক আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল থেকেই সার নিতে ওই ডিলারের দোকানের সামনে শত শত কৃষক জড়ো হন। তারা সার নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। একপর্যায়ে লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন প্রথম দফায় পরিস্থিতি শান্ত করেন।
তবে উত্তেজনা বেশিক্ষণ থেমে থাকেনি। বেলা সাড়ে ১১টার দিকে আবারও লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগের দিন বুধবার একই উপজেলার মাধনগর এলাকায় সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেখানেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরপর দুদিন সার বিতরণকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে বিসিআইসি সার ডিলার শ্যাম সুন্দর আগারওয়ালের ভাষ্য, সকাল ৯টা থেকে উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে নিয়ম মেনে সার বিতরণ করা হচ্ছিল। কৃষকরা লাইনে দাঁড়িয়ে সার নিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করায় পরিস্থিতির অবনতি হয়। পরে কৃষি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সারের কোনো ঘাটতি নেই জানিয়ে এই ডিলার বলেছেন, তার কাছে পর্যাপ্ত সার মজুদ রয়েছে।
নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলীর দাবি, উপজেলায় পর্যাপ্ত সারের বরাদ্দ রয়েছে। কোনো ঘাটতি নেই। নিয়মতান্ত্রিকভাবে সার বিতরণ নিশ্চিত করতে ডিলারদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কৃষকরা যাতে শৃঙ্খলার সঙ্গে সার সংগ্রহ করতে পারেন, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।



