গাজীপুরে বন থেকে চোখে কালো কাপড় বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
গাজীপুরের পদ্মপাড়া গজারিয়া বন থেকে চোখে কালো কাপড়ে বাঁধা অবস্থায় মাহফুজুর রহমান রিজু (নাম) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।
নিহত রিজু গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন পুটিমারী গ্রামের গোলাম মোস্তফা ওরফে শান্তুর ছেলে। তিনি জয়দেবপুরে একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাসা থেকে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দূরে গজারিয়া বনে মরদেহটি পাওয়া যায়।
নিহতের স্বজনদের দাবি, রিজুর চোখ ও ঠোঁটে আঘাতের চিহ্নের মতো দাগ দেখা গেছে। তার বড় ভাই এস এম রকি চৌধুরী জানান, রিজু সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। তিনি সবসময় ঝুট-ঝামেলা এড়িয়ে চলতেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহা আলম জানান, রিজুর চোখ কালো কাপড়ে মোড়ানো ছিল। তার গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।



