অপ্রতিম হত্যা
তথ্য গোপনের অভিযোগে সিয়ামকে গ্রেপ্তার

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার মো. সিয়াম। ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের তথ্য জানার পরও তা গোপন রাখার অভিযোগে মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল চারজনে।
সিয়ামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার সূধন্যপুর (নোয়াবাড়ি) এলাকায়।
গতকাল রবিবার বিকালে সিয়ামকে কুমিল্লার আদালতে পাঠানো হয়। পরে রাতে অন্য আসামিদের সঙ্গে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। তিনি জানালেন, অপ্রতিমকে হত্যার পর সিয়ামের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেন হত্যাকাণ্ডের মূল হোতা সাইফুল ইসলাম ওরফে তুহিন। এ সময় তিনি সিয়ামকে হত্যাকাণ্ডের বিস্তারিত জানালেন। বিষয়টি জানার পরও সিয়াম পুলিশকে তা জানাননি।
মামলায় গ্রেপ্তার অন্য তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া জানালেন, ঘটনা জানার পরও তা গোপন রাখার অভিযোগে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়েছে। আজ বেলা ৩টার দিকে কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে দুই কিশোরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে নিয়ে আসা হয় বলে জানালেন কেন্দ্রটির তত্ত্বাবধায়ক মো. এমরান খান।
শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালতের নির্দেশে কারাগারে না পাঠিয়ে এই উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, অপ্রতিম হত্যা মামলায় প্রধান আসামি ১৯ বছর বয়সী সাইফুল ইসলাম ওরফে তুহিনসহ প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তদন্তে আরও একজনের সম্পৃক্ততা পাওয়ায় মোট চার আসামিকে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত আসামিদের বয়স বিবেচনা করে দুই কিশোরকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।




