৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা

কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসেন
স্ত্রীর জানাজায় অংশ নিতে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসেন।
আজ সোমবার বিকাল ৩টার দিকে মাগুরা কারাগার থেকে তিনি প্যারোলে মুক্তি পান বলে কারা সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার সকালে মাগুরা পৌরসভার স্টেডিয়াম পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার স্ত্রী নাজনিন নাহার রিতুর (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রিতুর ৯ বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত নাজনিন নাহার রিতু মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী এলাকার বাসার বিশ্বাসের মেয়ে। গত ৩ নভেম্বর তিনি স্টেডিয়াম পাড়া এলাকার ভাড়া বাসায় ওঠেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৫ সালে রুবেল হোসেনের সঙ্গে নাজনিনের বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। রুবেল হোসেন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি একটি নাশকতার মামলায় কারাগারে রয়েছেন।
মাগুরা সদর থানার ওসি মো. ফারুক আহম্মেদ বলেন, ‘রিতু নামে একজনের মরদেহ উদ্ধারের কথা শুনেছি। তার স্বামী কারাগারে থাকা অবস্থায় অন্য একজনের সঙ্গে সম্পর্কের বিষয়েও জেনেছি। এর বেশি আপাতত জানি না।’
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




