বরিশালের গৌরনদীর শ্বশুরবাড়িতে মালয়েশিয়ান তরুণী

সংগৃহীত ছবি
বরিশালের গৌরনদী উপজেলায় স্বামীর সঙ্গে প্রথমবার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি করেছেন মালয়েশিয়ান এক তরুণী। প্রবাসী সুমন ইসলামের স্ত্রী নূর হিদায়া নূর হিসাম স্বামীর গ্রামের বাড়ি নাঠৈ আসলে সেখানে গায়ে হলুদ ও বৌ-ভাতসহ নানা আয়োজনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে গায়ে হলুদ এবং বুধবার দুপুরে বৌ-ভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও গ্রামবাসীর ভিড়ে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। দম্পতিকে একনজর দেখাতে ভিড় করেন অনেকে।
প্রবাসী সুমন ইসলাম জানান, ফেসবুকের মাধ্যমে নূর হিদায়ার সঙ্গে তার পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। তিনি বলেন, ‘২০২৪ সালে আমাদের উভয় পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় আমাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর আমার স্ত্রী একবারও বাংলাদেশে আসেনি। সে নিজেই বলেছিল, শ্বশুরবাড়ি দেখতে এবং গ্রামের মানুষের সঙ্গে পরিচিত হতে বাংলাদেশে আসতে চায়। সেই কারণে দুই সপ্তাহের জন্য আমরা দেশে এসেছি।’
তিনি আরও জানান, ২০১১ সালে মালয়েশিয়ায় যান তিনি এবং সেখানে শুরু করেন ব্যবসা। বর্তমানে মালয়েশিয়ার দামানছাড়া এলাকায় ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তিনি।
সুমনের ভাষ্য, তার স্ত্রী গ্রামের মানুষের সঙ্গে মিশে খুবই আনন্দিত এবং সে অল্প অল্প বাংলা বলতে শিখেছে। তিনি বলেন, ‘সে বাংলাদেশের জাতীয় সঙ্গীতও গাইতে পারে।’
সুমন ইসলাম আরও জানান, বাংলাদেশ সফরের সময় কক্সবাজার ও কুয়াকাটা ঘুরে দেখার পরিকল্পনা করেছেন তারা। এরপর আবার ফিরে যাবেন মালয়েশিয়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির ঈদের দিন সুমন তার স্ত্রীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে পরিবারের সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, তারা বিষয়টি লোকমুখে জেনেছেন এবং নাঠৈ গ্রামে বিদেশি তরুণীকে দেখতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা গেছে। তিনি বলেন, দম্পতির নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে নজর রাখছে পুলিশ।




