ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নারীসহ আহত ৬

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মোড়াইল এলাকায় ফ্লাইওভারের ওপর প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছে। আজ বুধবার দুপুরে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন প্রাইভেটকারের যাত্রী মীর জসিম উদ্দিন, তার স্ত্রী সালেহা বেগম ও মা কামরুনেছা, মোটরসাইকেলচালক মাইনুল ইসলাম, রিকশাচালক রাসেল এবং অটোরিকশাচালক সুমন মিয়া। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে শহরের কেন্দ্রস্থল থেকে কাউতলীগামী একটি প্রাইভেটকার মোড়াইল ফ্লাইওভারের ওপর অন্য একটি যানবাহনকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনের ছয় আরোহী আঘাত পান। শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম উল্লেখ করেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।






