শ্যামনগর
নদীতে নেমে আর উঠল না সাগর, জাল ফেলে উদ্ধার নিথর দেহ

গ্রাফিকস: আগামীর সময়
বন্ধুদের সঙ্গে নদীতে নেমেছিল ১১ বছরের সাগর হোসেন। ডুব দেওয়ার পর আর পানির ওপরে ভেসে ওঠেনি সে। সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে ডুবে মারা গেছে শিশুটি। পরে স্থানীয় জেলে ও বাসিন্দারা জাল ফেলে তার নিথর দেহ উদ্ধার করেন।
আজ সোমবার উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামসংলগ্ন খোলপেটুয়া নদীতে এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাগর নাপিতখালী গ্রামের কবিরুল হাওলাদারের বড় ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত সে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিন বন্ধুর সঙ্গে খোলপেটুয়া নদীতে গোসল করতে নামে সাগর। একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেনি সে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে বন্ধুরা চিৎকার শুরু করে। সেই চিৎকার শুনে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাল ফেলে সাগরের নিথর দেহ উদ্ধার করা হয়।
সাগরের ছোট ভাই সাত্তার জানায়, পানি দেখলে সাগরের আগে থেকেই খিঁচুনির মতো শারীরিক সমস্যা হতো।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবারের অন্য এক সন্তানের অসুস্থতার কারণে সাগরের বাবা কবিরুল হাওলাদার ও মা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন।



