মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি দমনে আপসহীন সরকার : খন্দকার মারুফ

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ফ্যাসিবাদ দমনে আপসহীন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেছেন, দুর্নীতি ও অপরাধ দমনে সরকার শুরু থেকেই ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। অপরাধীর কোনো আদর্শ নেই, দল নেই। এদের কোনো ক্ষমা নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. খন্দকার মারুফ। আইনের ফাঁকফোকর দিয়ে যাতে অপরাধীরা বেরিয়ে যেতে না পারে, সে ব্যাপারে কঠোর নজরদারি বাড়াতে তিনি দাউদকান্দির আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, একটি স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সরকারের চলমান উন্নয়ন কর্মসূচির ধারাবাহিকতা এবং মানুষের জানমালের হেফাজতের জন্য আইনশৃঙ্খলার উন্নতি অতীব জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ডায়নামিক নেতৃত্বে গত সাত মাসে দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়েছে।
ড. খন্দকার মারুফ বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক। এতে জাতীয় স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এই ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় করবে। প্রধানমন্ত্রীর সমৃদ্ধ দেশ গড়ার প্রতিশ্রুতিতে জনগণ দারুণ উচ্ছ্বসিত হয়েছে। আর এই স্বস্তির বাংলাদেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট হাসিনা ও তার নেতারা বিদেশে বসে হুমকি-ধমকি দিচ্ছে। জনগণ এই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সহিংসতার সকল অপচেষ্টা নস্যাৎ করে দেবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। জাতি হিসেবে আমরা গর্বিত, সম্মানিত হয়েছি। এতে আগামী দিনে দেশ ও জনগণের জন্য বহুবিধ কল্যাণ বয়ে আনবে।
তিনি বলেন, তারেক রহমান ভাষণে ফ্যামিলি, ফার্মার্স ও ই-হেলথ কার্ডসহ সামাজিক সুরক্ষার সুবিধাগুলো সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান। এই কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগী ছাড়াই ব্যাংক বা মোবাইল ওয়ালেটে সরাসরি প্রণোদনা পৌঁছাবে এবং কৃষি ভর্তুকি ও চিকিৎসাসেবা সহজ করার সুযোগ থাকবে।
ড. খন্দকার মারুফ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার চরম দুঃশাসন ও জুলুম-নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করেছে। তারেক রহমান সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন। আগামী দিনে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় ছিলেন থানার ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুল হক, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তারা।




