আগামীর সময়

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৪৩ শিশু, একজনের মৃত্যু

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৪৩ শিশু, একজনের মৃত্যু

ছবিঃ আগামীর সময়

গোপালগঞ্জের হাসপাতালগুলোতে বাড়ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা। বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত জেলায় মোট ৪৩ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে মৃত্যু হয় ১০ মাস বয়সী এক কন্যাশিশুর।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে একজনের নমুনায়।

‘ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ শিশু। আর গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১২ শিশু’,- জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক বলেছেন, ‘জেলা পর্যায়ে হাম শনাক্ত করার ল্যাব না থাকলেও লক্ষণ দেখে দেওয়া হচ্ছে চিকিৎসা। হামের উপসর্গ নিয়ে কোনো রোগী এলে দ্রুত চিকিৎসা দেওয়া এবং নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে।’

এদিকে গত ২৭ মার্চ হামের উপসর্গ নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় জেলার মুকসুদপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখের ১০ মাস বয়সী কন্যা তুবা ইসলাম তোহা। এ ঘটনার পর সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম শিশুটির বাড়িতে গিয়ে তদন্ত করে এবং টিকাদান কার্যক্রম জোরদারের নির্দেশ দেয় আশপাশের এলাকায়।

    শেয়ার করুন: