ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, চাঁদা আদায় ও মাটি বিক্রির কমিশন বাণিজ্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শর্টগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষ চলে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলো ঘিরে মাটি ও শ্রমিক সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। এর জের ধরে শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে।




