তিন কিশোর বাইকে, বাসের ধাক্কায় ছিটকে নিহত ১
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পিঠাবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের বিদ্যাভূষণপাড়া গ্রামের সুন্দর সরকারের ছেলে। সে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারের একটি সেলুনে কাজ করত।
স্থানীয়দের বরাতে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, শ্রাবণসহ তিন কিশোর মোটরসাইকেলে করে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিল। পিঠাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা শ্রাবণ ছিটকে সড়কে পড়ে যায়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওসি। আহত অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।




