সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে হত্যা

ভবতোষ মৃধা
খুলনার কয়রায় সিঁধ কেটে বাড়িতে ঢুকে ভবতোষ মৃধা (৩৫) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রীও।
রবিবার রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায়।
নিহত ভবতোষ মৃধা স্থানীয়ভাবে সুপরিচিত একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। একই ইউনিয়নের গিলাবাড়ি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন কয়রা থানার ওসি মো. শাহ আলম।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, গভীর রাতে সংঘবদ্ধ একটি চক্র ভবতোষ মৃধার মাটির ঘরে সিঁধ কেটে প্রবেশ করে। শব্দ পেয়ে ভবতোষ জেগে উঠে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
ইউপি সদস্য আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।
মিজানুর রহমান খোকন ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ওসি মো. শাহ আলম জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।




