পাইলিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ২

গ্রাফিকস: আগামীর সময়
কিশোরগঞ্জের ভৈরবে নির্মাণাধীন সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার সকালে পৌর শহরের গোধূলি সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির পাইলিংয়ের জন্য প্রায় ৭০ ফুট লম্বা একটি লোহার খাঁচা গর্তে নামানো হচ্ছিল। এ সময় ক্রেনের হুক ছিঁড়ে গেলে খাঁচাটি পাশের ৩৩ হাজার কেভি বৈদ্যুতিক তারে গিয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক গুরুতর আহত হন।
আরও জানা যায়, আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



