‘আমি বাঁচতে চাই’— লিভার ক্যানসারে আক্রান্ত কলেজছাত্রীর আকুতি

ইসমত আরা ইতি
বাগেরহাটের শরণখোলার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ইসমত আরা ইতি। শরণখোলা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। যে বয়সে তার বই-খাতা আর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই তাকে লড়তে হচ্ছে মরণব্যাধি লিভার ক্যানসারের সঙ্গে।
স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখা মেয়েটি প্রায় চার মাস ধরে ঢাকার পিজি হাসপাতালের বিছানায়। মৃত্যুভয় প্রতিটি মুহূর্ত তাড়া করছে তাকে।
চিকিৎসকরা জানিয়েছেন, ইতিকে বাঁচাতে জরুরি ভিত্তিতে করাতে হবে লিভার ট্রান্সপ্লান্ট। তার অপারেশনের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ জুন। প্রথম ধাপে অপারেশনে ব্যয় হবে ৩০ লাখ টাকা। কিন্তু এই বিপুল পরিমাণ চিকিৎসা ব্যয়ের কারণে অসহায় হয়ে পড়েছে তার পরিবার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে ইতি লিখেছেন—
‘আমি বাঁচতে চাই…
আমি পৃথিবীটা আরও একটু দেখতে চাই…
আমি আমার পরিবারকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যেতে চাই না।’
তার এই আকুতি এখন ছুঁয়ে যাচ্ছে সাধারণ মানুষের হৃদয়।
শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাসিন্দা আলমগীর তালুকদারের মেয়ে ইতি তার
পোস্টটিতে আরও লিখেছেন, প্রতিদিনই ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার। শরীর ধীরে ধীরে ভেঙে পড়লেও বেঁচে থাকার ইচ্ছাশক্তি এখনো তাকে সাহস জোগাচ্ছে।
ইতির বাবা আলমগীর তালুকদার জানালেন, দীর্ঘদিন ধরে মেয়ের চিকিৎসা চালাতে গিয়ে তারা প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। ধারদেনা করে এতদিন চিকিৎসা চালিয়েছেন মেয়ের। এখন লিভার ট্রান্সপ্লান্টের মতো ব্যয়বহুল চিকিৎসা তাদের পক্ষে বহন করা আর সম্ভব হচ্ছে না। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন অসহায় এই বাবা।
স্থানীয়রা জানালেন, ইতি অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের একজন শিক্ষার্থী। সবসময় হাসিখুশি থাকা মেয়েটির জীবন বাঁচানোর জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আবেদন জানাতে বাধ্য হচ্ছে পরিবার। তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীও ইতির চিকিৎসায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন।
ইতির বড় বোন খুলনা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া সুখী কান্নাজড়িত কণ্ঠে জানালেন, আমার বোনটা বাঁচতে চায়। ও এখনো স্বপ্ন দেখে সুস্থ হয়ে আবার কলেজে যাবে। কিন্তু টাকার অভাবে যদি চিকিৎসা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা তাকে বাঁচাতে পারব না।
সুখী আরও জানালেন, চিকিৎসকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অপারেশন সম্পন্ন করাতে না পারলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই দ্রুত অর্থ সংগ্রহ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। বোনটিকে বাঁচাতে সবার দোয়া ও সহযোগিতা চাই।
ইতির সহপাঠী মিজানুর রহমান জানালেন, তারা সহপাঠীরা মিলে ইতির চিকিৎসায় অর্থ সংগ্রহ করছেন। এরই মধ্যে বেশ কিছু টাকা তুলে পরিবারের হাতে দেওয়া হয়েছে। প্রতিদিনই তারা মানুষের দ্বারে দ্বারে ছুটছেন অর্থ সংগ্রহের জন্য। সবার সহযোগিতায় ইতি আবার তাদের মাঝে ফিরে আসবে এমন আত্মবিশ্বাস তাদের।
মানবিক এই সংকটে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইতির পরিবার। সামান্য সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে একটি তরতাজা প্রাণ, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি।
ইতির আর্তনাদ এখন একটাই—
‘আমাকে হারিয়ে যেতে দেবেন না… আমি বাঁচতে চাই।’
ইতিকে সাহায্য পাঠানোর ঠিকানা:
Bkash: 01722498596
Nagod: 01797372786
অথবা
Account Name: Md Alamgir Talukder
Account Number: 2913201028022
Bank Name: Sonali Bank PLC
Branch Name: Rayenda Bazar Branch, Bagerhat
Routing Number: 200011244
SWIFT Code: BARBBDDH
Country: Bangladesh






