চাঁদপুর
অনলাইনে জুয়ার টাকার জন্য নানিকে হত্যা, নাতি গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
চাঁদপুরের জোড়পুকুর পাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধা লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় নাতিকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই টাকা পরিশোধের জন্য পরিকল্পিতভাবে নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সে। ঘটনার ৪২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে সে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
গ্রেপ্তার সিয়াম মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহতের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর শহরের জেএম সেনগুপ্ত রোডের নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে সে। লুৎফুন্নাহার মাসের ১ তারিখ থেকে ভবনটির একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নিহতের নাতি সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত করে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, জিজ্ঞাসাবাদে সিয়াম জানায় সে অনলাইনে জুয়া খেলত। জুয়ায় টাকা হারানোর পর তা পরিশোধের জন্য একাই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে গলার স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।
এসপি আরও জানান, সিয়ামের দেখানো মতে ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি এবং তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়।



