প্রেমিকার মৃত্যুর খবরে যুবকের আত্মহত্যা

গ্রাফিকস: আগামীর সময়
ফরিদপুরে প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কমলাপুর চানমারী এলাকায় তার বোনের বাড়িতে ঘটেছে এ ঘটনা। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মৃত তানভীর হোসেন (১৯) জেলার চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল প্রেমিকার মৃত্যুর খবর জানতে পারেন তানভীর। এ খবর শোনার পর ফরিদপুর শহরের কমলাপুরে তার বোন তানজিলা আক্তারের বাসায় আসেন তিনি। সন্ধ্যার দিকে বোনের বাসার বাইরে গিয়ে বিষপান করেন। পরে বোনের বাসায় ফিরে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
পরে নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) তার মা ছালেহা বেগমকে সঙ্গে নিয়ে কোতোয়ালী থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে একটি অপমৃত্যুর সংবাদ দেন।
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানিয়েছেন, নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনিব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






