সুপ্রিম কোর্টের আদেশে পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন তিন কর্মকর্তা

পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন তিন কর্মকর্তা। ছবি: আগামীর সময়
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে নিয়োগসংক্রান্ত রিটের কার্যকারিতা স্থগিত হওয়ার পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন তিন কর্মকর্তা। গত রবিবার তারা নিজ নিজ বিভাগে যোগদান করেন।
যোগদান করা তিনজন হলেন, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং রেজিস্ট্রার কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. জিনাত নাসরিন সুলতানা। তারা যথাক্রমে মৃত্তিকাবিজ্ঞান, কৃষিতত্ত্ব ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন।
তিনজনই পবিপ্রবির সাবেক শিক্ষার্থী। তাদের দাবি, শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে তারা মেধাতালিকায় স্থান অর্জন করেছেন এবং ভালো ফলাফল করেছেন। তবে ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন শিক্ষক পদে নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।
তারা জানান, বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় প্রায় ২০ বছর ধরে চতুর্থ গ্রেডের পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষক হওয়ার প্রত্যাশা থেকে আগের পদ ছেড়ে ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক পদে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল থেকে শিক্ষক নিয়োগ দেওয়ায় অতিরিক্ত আর্থিক ব্যয়ের প্রয়োজন হবে না। বরং তাদের দীর্ঘদিনের একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে ভূমিকা রাখবে।
এদিকে তাদের নিয়োগপ্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও আইনি জটিলতা চলছিল। সংশ্লিষ্টদের অভিযোগ, একটি পক্ষ নিয়োগপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং আদালতে রিট পিটিশন দায়ের করে। বারটান নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত শামসুজ্জোহা নামের এক ব্যক্তি ওই রিট পিটিশন দায়ের করেছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই রিট পিটিশনের কার্যকারিতা স্থগিত করেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া রিট পিটিশনের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে নিজেদের মানহানি হয়েছে দাবি করে রিটকারী শামসুজ্জোহার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করার কথা জানিয়েছেন সদ্য যোগদানকারী তিন শিক্ষক।
সহকারী অধ্যাপক ড. রাহাত মাহমুদ বলেন, ‘দীর্ঘ আইনি প্রক্রিয়া ও নানা প্রতিকূলতা পেরিয়ে শিক্ষক হিসেবে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক পরিবেশের উন্নয়নে আগের মতোই কাজ করতে চাই।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করছি।’




