সিইজিআইএসের সমীক্ষা
হাজার বর্গকিমির চলনবিল এখন ৬৮ বর্গকিমি
- বেপরোয়া দখল-দূষণে বিলীন হচ্ছে অস্তিত্ব
- অপরিকল্পিত উন্নয়নেও কমছে আয়তন
- হুমকিতে আশপাশের জীবন-জীবিকা
- মাছের প্রজাতি কমেছে অর্ধশতাধিক

সংগৃহীত ছবি
চলনবিলের নাম শুনলেই চোখে ভাসে বিশাল আকৃতি ও মাছের কিলবিল। হালকা বাতাসেই তীরে ধাক্কা দিত ছোট ছোট ঢেউ। মাঝিমাল্লা ও জেলেদের মুখে মুখে ভাওয়াইয়া-ভাটিয়ালিসহ নানা আঞ্চলিক গান ও লোকসংগীতে মুখর থাকত দিগন্ত জুড়ে বিস্তৃত এই জলাধার। দেশি-বিদেশি বিভিন্ন জাতের পাখি যুক্ত করত বাড়তি রঙ। কিন্তু ১১ দশকে আমূল বদলে গেছে সেই চিরচেনা চিত্র। আয়তন কমে পরিণত হচ্ছে খালে, রাত-দিন জাল খেওয়ালেও মেলা ভার কেজিখানেক মাছ। দখল-দূষণে হুমকিতে আশপাশের জীবন-জীবিকা। এ ছাড়া অপরিকল্পিত উন্নয়ন ও কাঁচাপাকা স্থাপনা নির্মাণের প্রতিযোগিতায় মৃতপ্রায় পুরো বিল।
এই বিপন্নদশা তুলে ধরেছে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)। সংস্থাটির সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। প্রতিবেদনে বলা হয়, ১৯১৪ সালেও যে জলাভূমির আয়তন ছিল প্রায় ১ হাজার ৮৫ বর্গকিলোমিটার, তা এখন ৮৫ শতাংশ সংকুচিত হয়ে বর্ষায় ১৬৮ এবং শীতকালে ৫২ থেকে ৭৮ বর্গকিলোমিটারে এসে ঠেকেছে। ঐতিহাসিকভাবে ৪৭টি নদী ও ৯০টির বেশি খালের মাধ্যমে সংযুক্ত ১৬৩টি ছোট জলাশয় নিয়ে গঠিত এই বিল এক সময় ছয়টি জেলার ৪১টি উপজেলায় বিস্তৃত ছিল। বর্তমানে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের ৯টি উপজেলায় টিকে আছে প্রাণহীন অবস্থায়। সিইজিআইএসের তথ্যমতে, বিলের চারপাশ ঘিরে গড়ে তোলা ১০৯টি স্লুইসগেট, ১২টি পোল্ডার (বাঁধ দিয়ে তৈরি নিচু জমি) এবং ২১৫টি পানি নিয়ন্ত্রণ কাঠামো চেপে ধরেছে প্রাকৃতিক জলপ্রবাহের টুঁটি। নদী-খাল শুকিয়ে যাওয়ায় জলাভূমি শুধু ছোটই হচ্ছে না, বিপন্ন হচ্ছে এর ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবন-জীবিকা।
বিপন্ন কৃষি, সংকটে জীবিকা
পাবনার চাটমোহরের নিমাইচড়া গ্রামের প্রবীণ কৃষক হাবিবুর রহমান হতাশ কণ্ঠে জানালেন, আগে বর্ষার পানি খাল দিয়ে অনায়াসেই বড়াল নদীতে যেত। কিন্তু বিলের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী ও নালাগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দখল-দূষণে ভরাট হয়েছে। বর্ষায় পানির প্রবাহ থাকলেও অবৈধ সোঁতিজাল ও খরাজালে মাছ ধরায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এ কারণে উজান থেকে নেমে আসা কচুরিপানার দলগুলো ভাটিতে যেতে পারে না। এতে আবাদি জমি তৈরিতে বাড়তি ব্যয় হচ্ছে। খরচ বাড়ছে, মৌসুমও পিছিয়ে যাচ্ছে।
চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নের কৃষক সানোয়ার হোসেন বলছিলেন, পানির স্তর নিচে নেমে সেচ শ্যালো মেশিনে ঠিকমতো পানি উঠছে না। লোকসানে চলনবিলে কমে যাচ্ছে বোরো আবাদ।
সিইজিআইএসের তথ্য অনুযায়ী, ৮১ প্রজাতির মাছের মধ্যে এখন টিকে আছে ২৭টি। এর মধ্যে ১০টি বিপন্ন। প্রায় কর্মহীন বিলের ওপর নির্ভরশীল জেলেরা।
অপ্রতিরোধ্য দখলদারি
চলনবিল বাঁচাও আন্দোলনের তথ্য অনুযায়ী, ১৯১৪ সালে ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেললাইন গড়ে চলনবিলকে প্রথম দ্বিখণ্ড করা হয়। ১৯৮০ সালে বাঘাবাড়ী-তাড়াশ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও ২০০১ সালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক নির্মাণ চলনবিলের পানিপ্রবাহ চরমভাবে বাধাগ্রস্ত করে। ১৯৯৫-৯৬ থেকে ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত ১৫ বছরে চলনবিলে ১ হাজার ১৮৮ দশমিক ৫ কিলোমিটার পাকা সড়ক, ১১৩টি সেতু, ৮৫৫টি কালভার্ট, ৯০টি গ্রোথ সেন্টার ও ২১টি স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। চলনবিলের পানিপ্রবাহের প্রধান উৎস হচ্ছে বড়াল নদ, গুমানী ও আত্রাই। পদ্মা-যমুনার পানি এ তিন নদনদীর মাধ্যমেই বিলে প্রবেশ করে। ১৯৬১ সালে ফারাক্কার বাঁধের কারণে প্রথম এই পানি কমতে থাকে। ১৯৮৫ সালে বড়াল নদের উৎস মুখে রাজশাহীর চারঘাটে স্লুইসগেট নির্মাণের কারণে পানিশূন্য হতে শুরু করে চলনবিল।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চলন বিল বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা এস এম মিজানুর রহমান। তার দাবি, চলনবিলে যমুনা নদী হয়ে বর্ষার পানি প্রবেশের উৎসমুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। এখানে চলনবিলের তিন নদীর মোহনা। গুরুত্বপূর্ণ এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের জন্য ৪২ ফুট উঁচু করে মাটি ভরাট করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় মৃত চলনবিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাজমুল ইসলামের মতে, চলনবিল রক্ষায় কোনো কর্তৃপক্ষ বা অভিভাবক নেই। এ কারণে প্রতিযোগিতা করে দখল, অপরিকল্পিত উন্নয়নের সঙ্গে বিলীন এই জলাধার।
বাংলাদেশ হাওর উন্নয়ন বোর্ডের রাজশাহী বিভাগীয় প্রকৌশলী মোখলেসুর রহমান বললেন, পরিবেশ ঝুঁকি আমলে না নেওয়া, দূরদর্শিতা ও সমন্বয়ের অভাবে বিলকে ধ্বংসের দিকে ধাবিত করেছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প। এটি পুনরুদ্ধারে অবশ্যই নদী ও খাল খননে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি উচ্ছেদ করতে হবে সব অবৈধ দখল।
পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের ভাষ্য, চলনবিলের বিস্তীর্ণ এলাকায় অবৈধ দখলসহ পানিপ্রবাহে বাধা সৃষ্টির খবর পেলেই চলে অভিযান। কিন্তু এই প্রাকৃতিক সম্পদ শুধু আইন প্রয়োগ করে রক্ষা করা সম্ভব নয়। প্রয়োজন উপকারভোগী জনগোষ্ঠীসহ সবার সচেতনতা।



