গলাচিপার নিজের বিয়ে ঠেকিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর জয়

পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর আক্তার। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ। ক্লাসের ৩৯ শিক্ষার্থীর মধ্যে তার রোল ১। লেখাপড়া করে নিজের ভবিষ্যৎ গড়তে চায় সে। কিন্তু পরিবারের ইচ্ছা ভিন্ন। ঝুমুরের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ের আয়োজন করেছিলেন স্বজনরা। গতকাল সোমবার ছিল বিয়ের দিন। তবে বেঁকে বসে ঝুমুর। এখনই বিয়ে না করে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপার বরাবর আবেদন করে সে। বিষয়টি নিয়ে আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বন্ধ করা হয় ঝুমুরের বিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, ঝুমুরের এই পদক্ষেপ
একদিকে যেমন তার জীবনকে রক্ষা করেছে, তেমনি তার মতো পরিস্থিতিতে পড়লে কীভাবে মুক্তি মিলতে পারে, এরও দিশা দেখিয়েছে। ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকদের ভাষ্য, পড়াশোনার প্রতি ঝুমুরের প্রবল আগ্রহ। প্রতিদিনের পড়া সে নিয়মিত প্রস্তুত করে আসে। একবার বুঝিয়ে দিলেই পড়া আয়ত্ত করতে পারে। মেধা ও অধ্যবসায়ের কারণে সে মাদ্রাসার অন্যতম কৃতী শিক্ষার্থী।
জানা যায়, পরিবারের সদস্যরা ঝুমুরের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ের আয়োজন করেন। গতকাল বিয়ের দিনও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিয়েতে রাজি না হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপার বরাবর লিখিত আবেদন করে সে।
আবেদনে ঝুমুর জানিয়েছে, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছেন এবং তাকে বিয়ে করতে বাধ্য করছেন। কিন্তু সে এখন বিয়ে করতে চায় না। লেখাপড়া করে নিজের ভবিষ্যৎ গড়তে চায়। আবেদনে সে লিখেছে, ‘আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করে বিয়ে দিতে বাধ্য করছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লেখাপড়া করতে চাই। তবুও আমি এখন বিয়ে করতে চাই না।’
এরপর গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহসিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম ও ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। পরে তাকে গলাচিপা উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে ঝুমুরের বাবার কাছ থেকে মেয়ের বাল্যবিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন ইউএনও।
ঝুমুরের বাবা লাল মিয়া সরদার পেশায় দিনমজুর। তার তিন মেয়ে ও এক ছেলে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। তার ছেলে বাবার সঙ্গে দিনমজুরের কাজ করেন। সংসারের আর্থিক সংকটের কারণে মেয়ের পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ায় তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।
লাল মিয়া সরদার বললেন, ‘আমি দিনমজুর মানুষ। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। দুই মেয়ের বিয়ে দিয়েছি। তাদের ঘরে তিন নাতনির পড়ার খরচও আমাকে দিতে হয়। ছেলে আমার সঙ্গে দিনমজুরের কাজ করে। সংসার চালাতেই কষ্ট হয়। এ অবস্থায় মেয়ের পড়ালেখার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। তাই বিয়ে দিতে চেয়েছিলাম। প্রতিমন্ত্রী নুরুল হক নুরও তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। এখন আর পড়ানোর সমস্যা নেই। আমি চাই, আমার মেয়ে পড়াশোনা করুক।’
ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ বললেন, ‘ঝুমুরের পড়াশোনার প্রতি অনেক আগ্রহ। সে যত দিন আমার মাদ্রাসায় পড়াশোনা করবে, তত দিন তার কোনো টাকাপয়সা খরচ হবে না। তার পড়াশোনার যাবতীয় খরচ আমি বহন করব।’
অন্যদিকে, প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝুমুরের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি ঝুমুরের সাহসী উদ্যোগের প্রশংসা করেন এবং তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের এমন উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে ঝুমুর ও তার পরিবার।



