টেকনাফে ৫২ হাজার ৫০০ ইয়াবাসহ আটক ৩

তেলের ট্যাংকে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার। ছবি: আগামীর সময়।
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তিনজন মাদক কারবারিকে করা হয়েছে আটক। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশা করা হয়েছে জব্দ।
রবিবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ১টার দিকে টেকনাফ থানার কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।
একই দিন দুপুর ১২টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয় এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা যানবাহন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেছেন, ‘ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’




