পুলিশ আর নোংরা জায়গা থেকে মাসোহারা নেবে না, বললেন ডিআইজি

মতবিনিময় সভায় কথা বলেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী। ছবি: আগামীর সময়
রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী বলেছেন, পুলিশ আর কখনো নোংরা জায়গা থেকে মাসোহারা নেবে না। নিরপরাধ মানুষের ওপর গুলি চালানো কিংবা পুলিশের নামে কোনো ধরনের অনিয়মও বরদাশত করা হবে না।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন।
রাজশাহী রেঞ্জে ডিআইজির দায়িত্ব নেওয়ার পর বগুড়ায় প্রথম সফরে এসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক চিত্র জানতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের পরামর্শ নিতে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
মতবিনিময় সভায় ডিআইজি মীর আশরাফ আলী বললেন, ‘জনসংখ্যা বেশি হলে অপরাধের প্রবণতা ও অপরাধের সংখ্যাও বেশি হবে।’ বাংলাদেশ একটি গরিব ও অভাবী দেশ উল্লেখ করে তিনি বলেন, এ অভাব দূর করতে কাজ করতে হবে।
পুলিশের নীতিনির্ধারকদের বিষয়ে তার মন্তব্য, ‘যারা পুলিশের পলিসি মেকার, দেশের মানুষকে ভালোবেসে পুলিশিংয়ের দায়িত্ব নিয়েছেন, তাদের মধ্যে একটুও খাদ নেই। তারা এত দিন নির্যাতিত ছিলেন। তো আমরা যদি এখন এই পুলিশকে ঠিকমতো দাঁড় করাতে না পারি, তাহলে তো আমরা সেই পুলিশেই হয়ে গেলাম।’
পুলিশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে ডিআইজি উল্লেখ করেন, ‘আমাদের মনে কিন্তু এই প্রবল বাসনাটা আছে যে পুলিশকে আমরা এমনভাবে দাঁড় করাব, যে পুলিশ কখনোই নিরপরাধ ব্যক্তিকে গুলি করবে না। পুলিশ কখনোই এই যে নোংরা জায়গা থেকে মাসোহারা নেবে না।’
মাসোহারা নেওয়াসহ সব ধরনের অপরাধ দ্রুত নিয়ন্ত্রণে আনার কথা জানিয়ে তিনি আশ্বস্ত করেন, রাজশাহী বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ রুট নিয়ন্ত্রণ করা হবে তার প্রথম কাজ। তবে একবারেই অপরাধ নির্মূলের প্রতিশ্রুতি দিতে চান না তিনি। তার ভাষায়, ‘আমি আপনাদের কথা দিতে পারি না যে এটা একবারে নির্মূল হবে। নির্মূল হবে না, নিয়ন্ত্রণে আসবে।’
পুলিশের সাম্প্রতিক আচরণগত পরিবর্তন ও মনোবলের উদাহরণ দিয়ে মীর আশরাফ আলী বললেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা সড়কে দায়িত্ব পালনরত সার্জেন্টদের উদ্দেশে কেউ অশালীন ভাষায় গালিগালাজ করলেও তারা পাল্টা গালিগালাজ করেন না। বরং ধৈর্যের সঙ্গে আইনের প্রয়োগ করেন।
পুলিশের অতীত ভূমিকার সমালোচনাও করেন ডিআইজি। তার মতে, ‘পুলিশ তো আগে একটি বুলেট, একটি শিশু নীতিতে চলেছে। পৃথিবীর ইতিহাসে কোন দেশ দেখাতে পারবেন যে এক হাজার শিশুকে মেরে ফেলেছে পুলিশ? আমি পাইনি। তো এই যে নিরপরাধ ব্যক্তিকে একটা বুলেট দিয়ে একজনকে মেরে ফেলা, এই লজিস্টিকটা ছিল ৫ আগস্টের আগে।’
মতবিনিময় সভায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদসহ জেলার বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার অন্তত ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।



