দৌলতপুর সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি

সংগৃহীত ছবি
কুষ্টিয়ার দৌলতপুরের জামালপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সীমান্তের জিরো লাইনে এ ঘটনা ঘটে।
পরে ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেন বিএসএফ সদস্যরা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানালেন, সন্ধ্যায় আন্তর্জাতিক সীমানা পিলার ১৫২/১০-এস থেকে ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নার্সারিপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে জামালপুর বিওপির বিজিবি সদস্যদের জানালেন। বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সীমান্তে সতর্ক অবস্থান নেন। বিজিবির পক্ষ থেকে বাধা ও প্রতিরোধ সৃষ্টি করা হলে বিএসএফ সদস্যরা পিছু হটেন। একপর্যায়ে ওই ব্যক্তিকে ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হন তারা।
সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।




