পিচ্চি রাজা পালানোর মামলা : দুই পুলিশসহ তিনজন চার দিনের রিমান্ডে

ঢাকায় আদালতে হাজিরা শেষে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পুলিশ প্রহরায় আনার পথে প্রিজন ভ্যান থেকে ৩০ মামলার আসামি পিচ্চি রাজা পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুরের আদালত।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার গাজীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ ওই রিমান্ড মঞ্জুরের আদেশ প্রদান করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমা।
পুলিশ জানায় , গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে ২৯ জন আসামি নিয়ে প্রিজন ভ্যানটি ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরছিল। প্রিজন ভ্যানটি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে শৌচকর্মের কথা বলে পিচ্চি রাজা প্রিজন ভ্যান থেকে পালিয়ে যান বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছিলেন। তবে তদন্তে সেই বক্তব্যের মিল পাওয়া যায়নি।
জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পিচ্চি রাজাকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন। কিন্তু কত টাকার বিনিময়ে তারা কাজটি করেছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুই পুলিশ সদস্য এবং পিচ্চি রাজার এক বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন প্রবীর কুমার বিশ্বাস, কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমা।
গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য, তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে অন্তত ৩০টি মামলা রয়েছে।




