মিঠাপুকুরে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুলা মিয়া (৪৫)। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
নিহত দুলা মিয়া উপজেলার বালারহাট ইউনিয়নের খোর্দ কোমরপুর কঞ্চিবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বালারহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাহিদুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের মধ্যে কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া ওই রাতেই নিজ বাড়িতে মারা যান। পরদিন সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী এবং সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া। মঙ্গলবার সকালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের পাকারমাথা এলাকার এরশাদ আলী। সর্বশেষ বুধবার দুপুরে মারা যান দুলা মিয়া।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা অবৈধ মদ বিক্রেতাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আহমেদ জানান, বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।





