পিরোজপুর
পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ের মৃত্যু—মা নিখোঁজ

মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন
পিরোজপুরের শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৮ বছরের শিশু অর্পিতা বেপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে শিশুটির মা রিনা বেপারী (৩৫)।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে অর্পিতার লাশ উদ্ধার করে।
নিখোঁজ নারী রিনা বেপারী (৩৫) নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন শংকর বেপারী। সম্প্রতি দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে ভরতকাঠীর গ্রামের নিজ বাড়িতে আসেন তিনি।
সোমবার রাতে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে সপরিবারে বাড়ি ফিরছিলেন তারা। রাত ৯টার দিকে ৫০ জনেরও বেশি যাত্রী এবং ৬টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি নাজিরপুরের শ্রীরামকাঠী থেকে ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই ভারসাম্য হারিয়ে নদীগর্ভে তলিয়ে যায়। ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে, আজ মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেছেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে।’
তিনি বলেন, ‘নৌপথে নিরাপত্তা বজায় রাখা এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সিন্ডিকেটের মাধ্যমে যদি একটিমাত্র ট্রলার চালিয়ে যাত্রীদের জিম্মি করা হয়ে থাকে, তবে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারটির প্রতি সরকারি ও ব্যক্তিগতভাবে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।’
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মেয়ের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, ট্রলারটির এক পাশ কাত হয়ে যাত্রীরা নদীতে পড়ে যান। এ ঘটনায় কারও অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



