ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে শিশু নিহত, মা আহত

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স
ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে মো. আদিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় শিশুটির মা নিশাত সুলতানা (৩০) ও ইজিবাইকচালক মো. হেমায়েত তালুকদার (৪৫) আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে ঝালকাঠির রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিব রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার মো. রিয়াজ বিশ্বাসের ছেলে। তার বাবা বাহরাইন প্রবাসী।
স্থানীয়রা জানান, বিকালে ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে আদিব, তার মা ও চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু আদিবকে মৃত ঘোষণা করেন। আহত মা ও চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



