নানা আয়োজনে কেন্দুয়ায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ছবি: আগামীর সময়
বাংলা সাহিত্যের আকাশে এমন কিছু নাম থাকে, যাদের সৃষ্টি সময়ের সীমানা পেরিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে। হিমু, মিসির আলী কিংবা শুভ্র— কাগজের পাতায় জন্ম নেওয়া এসব চরিত্র যেন বাস্তবেরই মানুষ। পাঠকের কল্পনা, আবেগ আর ভালোবাসায় আজও যাদের বসবাস। সেই জাদুকরী জগতের স্রষ্টা কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ।
তার জন্মবার্ষিকী পালন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকালে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নে কুতুবপুর গ্রামে হুমায়ুন আহমেদের হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেত্রকোনা জেলা প্রশাসক মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের সংসদ সদস্য ও স্কুল অ্যাডহক কমিটির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের দশম শ্রেণির শিক্ষার্থী মারজিয়া সুলতানা স্বর্ণার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ জ ম রেজাউল করিম খান, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সানজিদা চৌধুরী প্রমুখ।
বক্তব্য রাখেন, গন্ডা ডিগ্রি কলেজ ও সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি জাহানা আফরোজ, লোক সংগীত শিল্পী কদ্দুস বয়াতি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে হুমায়ূন আহমেদের স্মরণে এক বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এবং তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে ১৫ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই বাংলা সাহিত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। এর পর দুই শতাধিক উপন্যাস ও অন্যান্য গ্রন্থে কখনো হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন, আবার কখনো জীবনের চেনা গল্পকে দেখিয়েছেন সম্পূর্ণ ভিন্ন চোখে।
সাহিত্যের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও তৈরি করেছেন নিজস্ব এক জগৎ। ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই কিংবা ‘শ্রাবণ মেঘের দিন’, ‘আগুনের পরশমণি’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র তার সৃজনশীলতার অনন্য স্বাক্ষর। তার নির্মিত চলচ্চিত্র বিভিন্ন সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকে ভূষিত হয়েছেন এ লেখক। ২০১২ সালের ১৯ জুলাই ৬৩ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেও তার সৃষ্টি থেমে থাকেনি। বইয়ের পাতায়, টেলিভিশনের পর্দায় কিংবা পাঠকের স্মৃতিতে আজও ফিরে ফিরে আসেন হুমায়ূন আহমেদ। যেন তার গল্পের মতোই— শেষ হয়েও যার শেষ নেই।
‘মিসির আলি, হিমু মামা’-এই প্রতীকী চরিত্রকে কেন্দ্র করে আলোচনায় বক্তারা হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, জীবনবোধ ও মানবপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, হুমায়ূন আহমেদ আমাদের কল্পনাশক্তিকে নতুনভাবে চিনতে শিখিয়েছেন। তরুণ প্রজন্ম তার সাহিত্য ও চিন্তাধারার ভেতর দিয়ে মানবিকতা ও সৃজনশীলতা অর্জন করুক— এটাই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য।
এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীরা হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ও উপন্যাস অবলম্বনে নাট্য পরিবেশনা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদকে নিয়ে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়; যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
এ সময় কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জীবন, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সব সহযোগী সংগঠনের নেতারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




