মঞ্চে হুমায়ূন আহমেদের লেখা নাটক
বিনোদন প্রতিবেদক

নৃপতি নাটকের একটি দৃশ্য
নান্দনিক নাট্য সম্প্রদায়ের ৪৯ বছর পূর্তি উপলক্ষে মঞ্চস্থ হতে যাচ্ছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মঞ্চনাটক ‘নৃপতি’। আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী ‘৪৯ বছর পূর্তি উৎসব’ আয়োজন করেছে নাট্য সংগঠনটি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এ উৎসবে দেশবরেণ্য ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১৯৭৭ সালের ১৬ অক্টোবর কয়েকজন তরুণের উদ্যোগে যাত্রা শুরু করে নান্দনিক নাট্য সম্প্রদায়। নাটকের মাধ্যমে সমাজজীবনের প্রতিচ্ছবি তুলে ধরে দর্শকদের আন্দোলিত করার প্রত্যয় নিয়ে দীর্ঘ ৪৯ বছর ধরে নাট্যচর্চা করে আসছে সংগঠনটি।
২২ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘নৃপতি’।
পরদিন ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় আবারও মঞ্চস্থ হবে ‘নৃপতি’। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।
নান্দন্দিকের সভাপতি আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, ‘নাটকের মাধ্যমে সমাজজীবনের সকল জটিলতাকে ছিন্ন করে সুস্থ ও সৎ নাট্যচর্চার ক্ষেত্র সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের এই ৪৯ বছর পূর্তি উৎসবের মুহূর্তে অভিনন্দন জানাচ্ছি দর্শক ও শুভানুধ্যায়ীদের। তাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের প্রযোজনাগুলোকে মঞ্চে নিয়ে আসতে সাহায্য করেছে।’




