কেন্দুয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি

নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা।
আজ মঙ্গলবার দুপুরে বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গোপালপুর বাজারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপন, প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলমসহ শিক্ষার্থীরা।
সমাবেশে ভুক্তভোগীর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েটা নবম শ্রেণিতে পড়ে। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে তিনজন ধর্ষণকারী। ইতিমধ্যে আমি এদের বিরুদ্ধে কেন্দুয়ায় মামলা করেছি। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি দাবি করেন তিনি।
অন্যান্য বক্তারা বলেন, নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় কেন্দুয়ার সচেতন সমাজ স্তব্ধ। নারী নির্যাতনের ঘটনা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, এই জঘন্য ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাঁরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের একজন সদস্য বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর রাত ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের একটি গ্রামের ওই শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হয়। এ সময় প্রতিবেশী তিন যুবক তার মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি হাওরের গোরস্থানের পাশে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ১৫ নভেম্বর ভুক্তভোগীর পরিবারের একজন সদস্য বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্তরা হলেন শুভ (২৩), নূর আলম (৩০) ও শাহ আলম (২৮)। তাদের সবার বাড়ি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের একই গ্রামে।



