অবৈধ ট্রলিং বোটে হাঙর-শাপলাপাতা মাছ নিধন, আটক ২০

সংগৃহীত ছবি
সেন্টমার্টিনের অদূরে সমুদ্রে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ ও প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়।
গতকাল রবিবার সেন্টমার্টিন দ্বীপের ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ অভিযানটি পরিচালনা করে।
আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেছেন, অভিযানকালে জব্দ করা ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, একটি আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং বিভিন্ন প্রজাতির প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ পাওয়া যায়। পরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন সেল, কক্সবাজারের উপস্থিতিতে আটক বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। আটক অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন সুমন আল মুকিত।



