ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয় বাড়িতে হামলা-ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা

দরজায় দায়ের কোপ। ছবি: আগামীর সময়
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোন ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ সময় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ছফির উদ্দিনের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার দুপুরে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য সজিব ফকির।
অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন, উপজেলার টেপিরবাড়ি গ্রামের আতা উল্লাহর ছেলে সাকিব (২৫), মারুফ (২৩) ও মাহফুজ (২১)।
সজিব ফকিরের ভাষ্য, শনিবার রাত ১০টার দিকে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন তার প্রতিবেশী সাকিবকে হাতেনাতে ধরেন। এ সময় হট্টগোল শুনে তিনি ঘটনাস্থলে গেলে তাকে গালিগালাজ ও মারধরের হুমকি দিয়ে চলে যান সাকিব। পরে রাত সাড়ে ১২টার দিকে সাকিব, মারুফ ও মাহফুজসহ ১০ থেকে ১২ জন রড, দা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালান।
সজিবের অভিযোগ, হামলাকারীরা ছয়টি বাড়ির গেট, ঘর ও দরজায় দা দিয়ে কোপান। এ সময় ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। একপর্যায়ে পাটের বস্তায় পেট্রল ঢেলে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা। যাওয়ার সময় বাড়িঘরসহ পুড়িয়ে মারার হুমকিও দেন।
সজিব বললেন, শিল্পকারখানার কারণে এলাকায় বিভিন্ন জেলার মানুষের বসবাস। কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রায়ই শ্রমিকদের কাছ থেকে মুঠোফোন ও বেতনের টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভয়ে অনেকে প্রতিবাদ করেন না। শনিবার রাতের ছিনতাইয়ের ঘটনায় যারা প্রতিবাদ করেছিলেন, তাদের বাড়িতেই হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাতেই ঘটনাস্থলে যান শ্রীপুর থানার এসআই নুর আলম। তিনি বললেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মুঠোফোন ছিনতাইকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বললেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



