সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ল বাস

ছবি: আগামীর সময়
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বসতঘরের ওপর উল্টে পড়েছে। এতে ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার সাউদের খালপাড় সেতু-সংলগ্ন এলাকায় গ্রিনলাইন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের বাস দুটির মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানালেন, মুখোমুখি সংঘর্ষের পর বরিশাল এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় ঘর দুটির বাসিন্দারা দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
তবে বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এসব তথ্য নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম জানালেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটি উদ্ধারের কাজ চলছে।



